দ্রুত যাত্রী পাঠাতে বিমানকে অনুরোধ ইতালির

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দ্রুততম সময়ে বাংলাদেশি প্রবাসী যাত্রীদের পৌঁছে দিতে বিমানকে অনুরোধ জানিয়েছে ইতালি। বিমানও তাতে সাড়া দিয়ে যাত্রীদের দ্রুত রেজিস্ট্রেশন করতে বলেছে। গত শনিবার ইতালিতে বাংলাদেশিদের প্রবেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার। পরদিনই শ্রমিকদের দ্রুততম সময়ে পাঠাতে অনুরোধ জানায় বাংলাদেশে ইতালি দূতাবাস। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ফ্লাইট পরিচালনার করতে বলে। এ অবস্থায় বাংলাদেশ থেকে ইতালির রোমে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে বিমান বাংলাদেশের ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে গমনেচ্ছুদের। কয়েক দিনের মধ্যেই তারা তাদের ফ্লাইট শিডিউল ঘোষণা করবে। বর্তমানে বাংলাদেশিরা টার্কিশ এয়ারলাইনস, এমিরেটস এবং কাতার এয়ারওয়েজের মাধ্যমে ট্রানজিট ফ্লাইটে ইতালি যাচ্ছেন। কভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি ইতালি সরকার দেশটিতে বাংলাদেশি প্রবেশে জারি করা নিষেধাজ্ঞা শিথিল করে।