সাংবাদিক কাজলের জামিন কেন নয় হাইকোর্টের রুল

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন প্রশ্নে রুল জারি করেছে উচ্চ আদালত। রুলে তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ১২ নভেম্বর মামলার নথিপত্র (কেইস ডকেট)-সহ হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

গতকাল সোমবার কাজলের জামিনের আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি।

নরসিংদী যুব মহিলা লীগের নেত্রী (পরে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়ার হোটেল ওয়েস্টিন কেন্দ্রিক কারবারে জড়িতদের নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে গত ৯ মার্চ ঢাকার শেরেবাংলা নগর থানায় মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এই মামলা করেন সরকারদলীয় একজন সংসদ সদস্য। এ মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকেও আসামি করা হয়। প্রায় দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর গত ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গত ২৩ জুন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সংশ্লিষ্ট বিচারিক আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হলে তার জামিনের আবেদন নামঞ্জুর হয়। এরপর গত ২৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতেও কাজলের জামিন আবেদন নাকচ করলে তিনি ৮ সেপ্টেম্বর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন।