কৃষক লীগের ১১১ সদস্যের চূড়ান্ত কমিটির অনুমোদন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের চূড়ান্ত কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল সোমবার অনুমোদিত কমিটির চিঠি সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির হাতে হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫ (৭) ধারা মোতাবেক কৃষক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। সভাপতি শেখ হাসিনার সঙ্গে পরামর্শক্রমে কৃষক লীগের নবনির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

এতে আরও বলা হয়, নবনির্বাচিত সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কৃষক লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী হিসেবে পরিণত করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ-আধুনিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করতে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে।

গত বছরের ১৬ নভেম্বর অনুষ্ঠিত কৃষক লীগের দশম সম্মেলনে সমীর চন্দ্র সভাপতি ও উম্মে কুলসুম স্মৃতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের পর চলতি বছরের শুরুতে পূর্ণাঙ্গ কমিটির খসড়া তালিকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জমা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে করোনার কারণে এর যাচাই-বাছাই আটকে যায়। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর চূড়ান্ত কমিটির অনুমোদন দেয় আওয়ামী লীগ।

চূড়ান্ত কমিটিতে সহসভাপতি ১৬ জন। এর মধ্যে রয়েছেন শরীফ আশরাফ আলী, মাহবুব-উল-আলম শান্তি, শেখ জাহাঙ্গীর আলম, আশা লতা বৈদ্য প্রমুখ। যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন হলেন কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, শামীমা শাহরিয়ার, একেএম আজম খান। সাংগঠনিক সম্পাদক আটজন হলেন জসীম উদ্দিন (গাজী জসীম), আসাদুজ্জামান বিপ্লব, হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নিজামুল বাহার রানা, নুরে আলম সিদ্দিকী হক, নাজমুল হক পানু, অর্থ সম্পাদক নাজির মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা।