২০৮ জেলা উপজেলা ও ইউপিতে নির্বাচন

বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষ বিএনপির ভোট বর্জন

সারা দেশে স্থানীয় সরকার পর্যায়ে ২০৮টি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন এবং উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত এ ভোট হয়। এ ভোটে কেন্দ্র দখল, এজেন্টদের মারধর, বের করে দেওয়া, জাল ভোটকে কেন্দ্র করে চট্টগ্রাম, কুমিল্লা, লালমনিরহাট, লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের লোহাগড়ায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা হয়। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ছাড়া ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন অভিযোগ এনে বিএনপি ও স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচন বর্জন করেন এবং সন্ধ্যার পর অনেকে ফলাফল প্রত্যাখ্যান করেন। তারা পুনঃভোট দাবি করেন।

আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের তথ্যে বিস্তারিত :

কুমিল্লা : জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সকালে ভোট শুরুর আগে কাকৈরতলা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আবদুল করিম ও দলটির বিদ্রোহী প্রার্থী (আনারস) মাহফুজুর রহমান সেলিম সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আনারস প্রতীকের ১০ কর্মী আহত হন। এছাড়া পেরপেটীতে প্রার্থী সেলিমের গাড়ি ভাঙচুর করা হয়।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, বিদ্যালয়ের সীমানার মধ্যে কোনো ঝামেলা হয়নি। তবে নৌকা ছাড়া অন্য প্রতীকের এজেন্টরা কেন্দ্রে আসেননি।

এদিকে কেন্দ্র দখল, এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জন করেন বিএনপির প্রার্থী (ধানের শীষ) মো. পারভেজ হোসেন। তবে নৌকার প্রার্থী আব্দুল করিম বলেন, ‘কোথাও কোনো ঝামেলা হয়নি। কাউকে মারধর কিংবা বের করে দেওয়া হয়নি।’

লোহাগড়া (চট্টগ্রাম) : জেলার লোহাগাড়ায় ইউপি নির্বাচনে কেন্দ্র দখল ও জাল ভোটের খবর পেয়ে কেন্দ্রে গেলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা করা হয়। এতে গাড়ির চালক আহত হলেও লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী সুস্থ আছেন।

সংঘাতের কারণে লোহাগাড়া শাহ পীর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে এক ঘণ্টা ভোট বন্ধ ছিল। সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয় কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা হয়।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ও নানুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে দুই নেতা আহত হন। তারা হলেন, নাজিরহাট পৌর আওয়ামী লীগের সদস্য আলী আকবর জুনু (৪৫) ও উপজেলা যুবলীগের সদস্য ইমাম উদ্দিন জেম (৩৫)।

শিবচর (মাদারীপুর) : জেলার শিবচর উপজেলা পরিষদের উপনির্বাচনে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার ভোট বর্জন করেছেন। একইসঙ্গে তিনি পুনর্নির্বাচন দাবি করেন। শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হারুন-অর রশিদ বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। বিএনপি প্রার্থী কোনো অভিযোগ দেননি। ফলে পুনর্নির্বাচনের সুযোগ নেই।’

হাতীবান্ধা (লারমনিরহাট) : জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন (মোটর সাইকেল) এজেন্টদের বের করে দেওয়াসহ অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেন।

রায়পুর (লক্ষ্মীপুর): জেলার কেরোয়া ইউনিয়নের উপনির্বাচনে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেখা বেগমের সমর্থকরা এ হামলা করেন। হামলার শিকার এস এম জাকির হোসাইন জানান, নারী ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার প্রতিবাদ করায় শ্রমিক লীগ নেতা জামাল পাটোয়ারীর নির্দেশে হামলা করা হয়।

সিরাজগঞ্জ : জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে গতকাল উপনির্বাচনের ভোট শান্তিপূর্ণ হলেও প্রায় সবক’টি কেন্দ্রে দিনভর ভোটার শূন্য ছিল। তবে ভোট গণনায় প্রতিবেদন পর্যন্ত এখানে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বাবু এগিয়ে রয়েছেন।

নৌকার প্রার্থীদের জয়জয়কার : মৌলভীবাজার প্রতিনিধি জানিয়েছেন, জেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান (চশমা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এমএ রহিম শহিদ (মোটরসাইকেল) পেয়েছেন ২০২ ভোট।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানিয়েছেন, উখিয়ায় রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে হেলাল উদ্দিন (মোরগ) ২ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল হক খাঁন (আপেল) পান ৯০৮ ভোট।

নিজস্ব প্রতিবেদক, খুলনা জানিয়েছেন, পাইকগাছায় উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আনোয়ার ইকবাল মন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৩০৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডা. আব্দুল মজিদ (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৯৭২ ভোট।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী শফিকুর রহমান রাজু এবং আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে নৌকার প্রার্থী তরিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গড়াইটুপি ইউনিয়নে শফিকুর রহমান রাজু পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী আব্দুল ওয়াহেদ (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ১৪৭ ভোট। অন্যদিকে ডাউকি ইউনিয়নে চেয়ারম্যান পদে তরিকুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুসাইন (আনারস) পেয়েছেন ৪ হাজার ২৫ ভোট।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, গতকাল ১৭৭ ইউনিয়ন পরিষদে উপনির্বাচন, ১৫টি ইউপিতে সাধারণ নির্বাচন, ৮ উপজেলায় উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ নির্বাচন ও সাতটি জেলা পরিষদে উপনির্বাচনে ভোট হয়।