সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের বেঁচে থাকার সম্ভাবনার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন সংশয় প্রকাশের পর ওয়াশিংটন প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সব মহলেই সমালোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত রাজনৈতিক ওয়েবসাইট ‘দ্য হিল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার অফিশিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং ওই হামলায় বিন লাদেন নিহত হননি।
‘আমেরিকান এন্টারপ্রাইজ’ সংস্থার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক গ্যারি ডি. শ্মিড এ সম্পর্কে বলেন, এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনী বৈতরণী পার হতে সহায়তা করবে না।’ তিনি বলেন, প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে।
২০১১ সালে সাবেক মেরিন সেনা রবার্ট ও’নেইল দাবি করেছিলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন অন্য কেউ নন।
যুক্তরাষ্ট্রের সাবেক বিমান বাহিনী ও প্রতিনিধি পরিষদের সদস্য ডেনভার রিগলম্যান বলেছেন, ‘এটি হচ্ছে এমন একটি ভয়ংকর টুইট যা শেয়ার করা উচিত হয়নি। এখানে উগ্রতা ও উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে।’
কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের সেনাদের ‘ব্যর্থ’ ও ‘বোকা’ বলে এক দফা সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জনমত জরিপে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বক্তব্য আর বিতর্কিত কার্যকলাপ।