ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এতদিন ২০০ নম্বরের পরীক্ষা হলেও এবার কমিয়ে তা করা হয়েছে ১০০। এছাড়াও শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘অনলাইনে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় নিচ্ছে না। শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। সে ক্ষেত্রে করোনা পরিস্থিতির উন্নতি না হলে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কলেজে আমরা পরীক্ষা নেব। নিজ নিজ বিভাগীয় শহরে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।’

করোনাভাইরাসের কারণে এ বছর এইচএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে এইচএসসির ফল প্রকাশ করার কথা।

এতদিন ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হলেও করোনা পরিস্থিতির কারণে এবার নেওয়া হবে ১০০ নম্বরের পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ওপর থাকছে ২০ নম্বর। বাকি ৮০ নম্বরের মধ্যে ৫০ নম্বর লিখিত ও ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘২০০ থেকে কমিয়ে পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরে। এ বছর রেজাল্টের ওপর নম্বর কম ধরা হয়েছে। গত বছরে আমরা লিখিত পরীক্ষা নিয়েছিলাম, তবে এ বছর এমসিকিউর থেকে লিখিত পরীক্ষায় বেশি নম্বর নির্ধারণ করা হয়েছে।

কবে নাগাদ ভর্তি পরীক্ষা হতে পারে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিসেম্বরে এইচএসসি ফল প্রকাশ হওয়ার কথা। তারপর আমরা পরীক্ষার তারিখ নির্ধারণ করব। জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা হতে পারে।’ তিনি আরও বলেন, ‘এখন ডিনস কমিটির এ সিদ্ধান্ত অ্যাকাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’