মেহেরপুরে মোজাম্মেল হক

ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর আগামী বছর জানুয়ারিতে কেন্দ্রীয় ও সারা দেশে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন।’ গতকাল মঙ্গলবার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে এক হাজার কোটি টাকার নতুন প্রকল্পের কাজ চূড়ান্তকরণ এবং মুজিবনগর এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নতুন তালিকায় এবার পুরনো তালিকার ১৫ থেকে ২০ শতাংশ বাদ যাবে। অন্যদিকে নতুন তালিকায় যুক্ত হবে আরও ৩ থেকে ৫ শতাংশ।’

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ। পরে তারা মুজিবনগরের পর্যটন মোটেলে নতুন প্রকল্পের জন্য অতিরিক্ত ৩০ একর জমি অধিগ্রহণসহ মুজিবনগরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সভায় অংশ নেন।

সভায় মন্ত্রী বলেন, ‘আজই প্রকল্প পরিকল্পনা চূড়ান্ত করে এক মাসের মধ্যে মুজিবনগরের নতুন প্রকল্পের কাজ শুরু করা হবে। প্রকল্পের কাজ শেষ হলে মুজিবনগর আন্তর্জাতিকমানের একটি পর্যটনকেন্দ্র এবং দেশের একমাত্র বৃহৎ মুক্তিযুদ্ধ জাদুঘর ও গবেষণাকেন্দ্র হিসেবে চিহ্নিত হবে।’

সভায় মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ জেলার শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রীসহ অন্যরা মুজিবনগর স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।