পৃথিবী থেকে উৎক্ষেপণের চার বছর পর নাসার ওসিরিস-রেক্স নামের নভোযানটি সফলভাবে বেনু গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করতে পেরেছে বলে জানিয়েছে নাসা। এই গ্রহাণুটিকে বিপজ্জনক বলে থাকেন বিজ্ঞানীরা।
ওসিরিস-রেক্সের টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তার ক্যাপশনে লেখা, ‘ফেরার প্রজ্বলন শেষ হয়েছে। আমি এখন বেনু থেকে নিরাপদ দূরত্বে ধাবিত হচ্ছি।’
নাসা জানিয়েছে ১৫ সেকেন্ডের মধ্যে নভোযানটি তার হ্যান্ডলের মাধ্যমে নমুনা তুলে নিয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, বেনু থেকে তারা ৬০ গ্রাম ডাস্ট নমুনা সংগ্রহের চেষ্টায় ছিলেন।
এই চেষ্টা সফল হয়েছে কি না, সেটি অবশ্য এখনো জানা যাচ্ছে না। আরো কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
ওসিরিস-রেক্স বেনু থেকে নিরাপদ দূরত্বে আসলে নমুনা সংগ্রহকারী আর্মটি থেকে ছবি তোলা হবে। তখনই পরিমাণ বোঝা যাবে।
এই প্রক্রিয়া সফল হলে পৃথিবীতে আসতে বেশ সময় লাগবে। ২০২৩ সালের সেপ্টেম্বরে নভোযানটির ফিরে আসার কথা।
বিজ্ঞানীদের ধারণা, যে মহাজাগতিক বস্তু থেকে বেনুর জন্ম হয়েছিল, সেখানে পানি ছিল তরল অবস্থায়।
নাসার বিজ্ঞানী অ্যামি সিমন বলেছেন, বেনুর পিঠের প্রায় সব জায়গায় হাইড্রেটেড খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে; যা প্রমাণ করে এ গ্রহাণু সৌরজগতের কম বয়সে (৫৫০ কোটি বছর আগে) তৈরি হয়েছিল। এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যাবে বেনু থেকে খনিজের নমুনা নিয়ে ওসিরিস-রেক্স পৃথিবীতে ফিরে এলে।