আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার। এরই আলোকে পূজা উদ্যাপন হয়ে থাকে।
তিনি বলেন, দুর্গাপূজা করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ আর্থিক প্রণোদনা এবং ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। যা মেনে চললে করোনাভাইরাসের আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপন করার আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে আখাউড়া পৌরসভা কার্যালয়ে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শারদ সম্মাননা ও মতবিনিময় সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।
তিনি বলেন, আপনারা কখনো বিপদে নিজেদের একা ভাববেন না। আমরা চাই না আপনাদের বিপদ আসুক। তবে বিপদ এলে ন্যায্য যা যা করা দরকার তা সবই করব।
এ সময় তিনি উপজেলার ১৯টি পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজায় শারদীয় শুভেচ্ছা জানান।
আখাউড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, পূজা উদ্যাপন পরিষদের সদস্যসচিব সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুল, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহা শ্মশান কমিটির সভাপতি হীরালাল সাহা, শ্রী শ্রী রাধামাধব আখড়া কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হান্নান খাদেম, নাসির উদ্দিন, কাজী মফিকুল ইসলাম, জুটন বনিক, বাদাল আহাম্মদ খান, জালাল হোসেন মামুন।
পরে ২০১৯ সনের দূর্গা পূজায় সেরা প্রতিমা নির্মাণ, সেরা আলোকসজ্জা ও সেরা ব্যবস্থাপনা এ ৩ ক্যাটাগরিতে পৌর ও ইউনিয়ন পর্যায়ে ছয় মন্দিরকে সম্মাননা দেওয়া হয়।