গৃহবধূর চুল কেটে নির্যাতন: স্বামী, শ্বশুর, ভাশুর আটক

জয়পুরহাটের আক্কেলপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে আটকে রেখে মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। আক্কেলপুর উপজেলার তিলকপুর করমজি গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী, শ্বশুর ও ভাশুরকে মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, ওই গৃহবধূর শ্বশুর আবুল কালাম আজাদ বুলু (৬০), ভাশুর শাহিন (৩৫) ও স্বামী রুহুল আমিন (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার তিলকপুর করমজি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিন কয়েক বছর আগে বগুড়ার দুপচাঁচিয়া পৌওতাঁ সজ্জনকুড়ি গ্রামের মাহতাব হোসেনের মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর থেকে ওই গৃহবধূর শাশুড়ি, শ্বশুর, ভাশুর ও স্বামী মিলিয়ে যৌতুক আনার জন্য চাপ সৃষ্টি করেন। স্বামীর সংসার টিকিয়ে রাখার জন্য দফায় দফায় টাকা এনে দেন।

গত ১০ অক্টোবর আবারও যৌতুকের জন্য টাকা আনতে চাপ সৃষ্টি করে গৃহবধূকে। এতে গৃহবধূ ও তার বাবা-মা আপত্তি করেন। ক্ষিপ্ত হয়ে শ্বশুর, শাশুড়ি, ভাশুর, স্বামী সকলে মিলে গৃহবধূর হাত পা বেঁধে মাথার চুল কেটে একটি ঘরে আটকে রাখে ও বিভিন্ন ভাবে নির্যাতন চালায়।

শনিবার গৃহবধূর বাবা-মা গ্রামবাসীর থেকে মেয়েকে নির্যাতন করা হচ্ছে এমন খবর পেয়ে জামাইয়ের বাড়িতে এসে দেখে তাদের মেয়ের মাথার চুল কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এ ঘটনার বিষয়টি তাদের জামাইয়ের কাছে জানতে চাইলে তাদেরও মারপিট করে। ওই দিন গ্রামবাসীর সহায়তার তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে ওই গৃহবধূর মা বাদী হয়ে মঙ্গলবার আক্কেলপুর থানায় মামলা করার পর রাতেই পুলিশ তাদের আটক করে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, মামলার পর অভিযুক্ত স্বামী, শ্বশুর ও ভাশুরকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।