বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাজধানীর মগবাজারে পত্রিকাটির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। এ বিষয়ে জানার জন্য গতকাল রাতে হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টমূলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের পর তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ লিখিত বিবৃতিতে জানান, দৈনিক সংগ্রাম পত্রিকার চিফ রিপোর্টার মো. রুহুল আমিন গাজী তার অপর দুজন সহযোগীর সঙ্গে পরস্পর যোগসাজশে গত ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকার ৩, ৪ ও ৫ নম্বর কলামজুড়ে বোল্ড লেটারে ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদৎবার্ষিকী আজ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেন। এতে যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে মুক্তিযুদ্ধের ট্রেনিংপ্রাপ্ত আখ্যা দিয়ে ১৯৭১ সালের ২৩ মার্চ মুক্তিযোদ্ধা কমান্ডার জেসিও মফিজুর রহমানের ডাকে এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছাত্রদের সঙ্গে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন আবদুল কাদের মোল্লা; মর্মে প্রতিবেদন প্রকাশ করে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষেপিয়ে তুলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার লক্ষ্যে এ উসকানিমূলক প্রতিবেদন প্রকাশ করে। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) সন্ধ্যা ৭টায় হাতিরঝিল থানা এলাকা থেকে ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়।
রুহুল আমিন গাজীর গ্রেপ্তারের বিষয়ে জানার জন্য দৈনিক সংগ্রাম কার্যালয়ের একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বললে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।