বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার নীতিতে বাংলাদেশ চলছে বলেই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। একে অপরের সঙ্গে মিলেমিশে চলে বলেই বাংলাদেশ সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সনাতন সমাজকল্যাণ সংঘ আয়োজিত দুর্গাপূজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভালোবাসেন। জনগণকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি যা আহ্বান করেন বাংলাদেশের জনগণ তাতেই সাড়া দেয়। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের মানুষ জঙ্গি সন্ত্রাসীদের বর্জন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে এ বছর ৩০ হাজার ২১৩টি পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পূজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।

পূজার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ ও সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ; বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী প্রমুখ।