মাদারীপুর কারাগারে কয়েদিকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর জেলা কারাগারে এক কয়েদিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম হযরত মাতুব্বর (৫০)। তিনি সদর উপজেলার গাছবাড়ি গ্রামের তফেল মাতুব্বরের ছেলে। তবে কারা কর্র্তৃপক্ষের দাবি, জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে হযরত মাতুব্বরের মৃত্যু হয়েছে।

নিহতের স্ত্রী সাজেদা বেগমের অভিযোগ, ‘আমার স্বামীকে জেলখানার লোক পিটিয়ে মেরে ফেলেছে। আমি সেদিনও কারাগারে তাকে সুস্থ অবস্থায় দেখে এসেছি। আজ (গতকাল) খবর দেওয়া হলো, সে হাসপাতালে মারা গেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

অভিযোগ অস্বীকার করে মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হওয়ার পর হযরত মাতুব্বরকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কারা কর্র্তৃপক্ষ জানায়, সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় দায়ের দুটি মামলার আসামি হযরত মাতুব্বর। গত ২৭ সেপ্টেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে হযরত মাতুব্বর কারাগারে ছিলেন।