দেশের টেলিযোগাযোগ বাজারে আত্মপ্রকাশ করেছে নতুন হ্যান্ডসেট ব্র্যান্ড ‘জিও ফোন’। ফোরজি স্মার্ট ফিচার সমৃদ্ধ এ হ্যান্ডসেট মূলত কাইওএস (KaiOS) নামক মোবাইল অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এর রয়েছে ব্যতিক্রমী কি-প্যাড। ফোনটি দেশের অন্যতম আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইবিএস গ্রুপের নতুন পণ্য। তারা বলছে, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর হাতে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়াই ‘জিও ফোন’-এর উদ্দেশ্য। বাটনযুক্ত এই ফোনে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেইসবুক, গুগল অ্যাসিস্ট্যান্টসহ শতাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা রয়েছে। টি ১৫ মডেলের হ্যান্ডসেটটিতে আকর্ষণীয় ও জরুরি যে ফিচারটি যুক্ত হয়েছে, তা হলো থার্মোমিটার। কোনো স্পর্শ ছাড়াই এই ফিচারের মাধ্যমে শরীরের তাপমাত্রা মাপা যাবে, যা বিশ্ব প্রযুক্তিতে নতুন সংযোজন ও বাংলাদেশিরাই প্রথম এই সুবিধা পেতে যাচ্ছেন।
বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবের এই সময়টিতে ইচ্ছা হলেই সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের বা অন্যের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা যাবে এই ফোন দিয়ে। ‘জিও ফোন’ টি ১৫ মডেলের হ্যান্ডসেটটি অনলাইনে ((http://m. me/Geophonebd)) বিক্রি শুরু হয়েছে। আজ থেকে পাওয়া যাচ্ছে বাজারে, দাম রাখা হচ্ছে ৩৪৯০ টাকা।