নাটোরে শতবর্ষী ও অশীতিপরের ধুমধাম বিয়ে

নাটোরে ১০৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ৮০ বছর বয়সী বৃদ্ধার ধুমধাম করে বিয়ে দিয়েছেন এলাকাবাসী। গত বুধবার রাতে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ বিয়ে সম্পন্ন হয়। পাত্র মৃত ইমান আলীর ছেলে ১০৫ বছর বয়সের আহাদ আলী মন্ডল ওরফে আদি ও পাত্রী সোনা মিয়ার মেয়ে ৮০ বছরের আমেনা বেগম।

পাত্র আহাদ আলী ম-ল ওরফে আদির চার ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন। অন্যদিকে পাত্রী আমেনা বেগমের দুই মেয়ে ও নাতি-নাতনি থাকলেও তিনিও ছিলেন নিঃসঙ্গ। তাদের নিঃসঙ্গতার কথা ভেবে পরিবারের দুপক্ষ তাদের বিয়ের সিদ্ধান্ত নেয়। পরে তাদের এ নিঃসঙ্গতা কাটাতেই কতিপয় এলাকাবাসী একত্রে মিলে বিয়ের উদ্যোগ নেয়। অবশেষে বুধবার রাতে ধুমধাম করে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ঠিক করে এ বিয়ে সম্পন্ন করা হয়। এ সময় গ্রামবাসী চরম আনন্দে মেতে ওঠে এবং বর ও কনের দীর্ঘায়ু কামনা করে।

দুই পরিবারের আত্মীয়স্বজন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ এলাকার সব বয়সী মানুষের উপস্থিতিতে ওই বিয়ে সম্পন্ন হয়। বিয়ে উপলক্ষে এলাকায় মিষ্টি বিতরণও করা হয়।