নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত সরকারি কর্মকর্তাকে হুমকি, গালিগালাজের অভিযোগে নির্বাচন কমিশনের মামলায় (ইসি) ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী নিক্সনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রয়েছে। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ভার্চুয়াল চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান ‘নো অর্ডার’ দেন। ফলে নিক্সন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
ভিডিও কনফারেন্সে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। তার সঙ্গে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা দেশ রূপান্তরকে বলেন, ‘চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর হস্তক্ষেপ করেনি। কোনো আদেশও দেয়নি। ফলে জামিন বহাল রইল।’
গত মঙ্গলবার হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেয়। জামিনের শর্তে বলা হয়, মামলার তদন্তে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না, স্থানীয় প্রশাসনকে কোনো ভয়ভীতি দেখানো যাবে না এবং জামিনের আবেদনকারী (নিক্সন চৌধুরী) তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করবেন।
নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, অশোভন আচরণ, গালিগালাজ ও হুমকির অভিযোগে গত ১৫ অক্টোবর মামলা করে ইসি। নির্বাচনের দিন সেখানকার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়া ও বুথের সামনে ধূমপান করার সময় একজন পোলিং এজেন্টকে আটকের ঘটনায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এমপি নিক্সনের অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি সংবলিত টেলিফোন আলাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তবে নিক্সন চৌধুরী দাবি করেন, ওই অডিও রেকর্ডটি সুপার এডিটেড করে ভাইরাল করা হয়েছে।