রাজধানীর আগারগাঁওয়ে বিশেষায়িত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে বর্তমান ৭০০ শয্যার হৃদরোগ হাসপাতালে ১ হাজার ২০০ ও ২ হাজার ৬০০ শয্যার ঢামেক হাসপাতাল ৫ হাজার শয্যায় উন্নীত করা হবে।
গতকাল বৃহস্পতিবার হৃদরোগ হাসপাতালে নবনির্মিত কার্ডিয়াক ক্যাথল্যাব জোন-২-এর উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এই সংকটকালেও দেশের স্বাস্থ্য খাত করোনা মোকাবিলা করার পাশাপাশি অন্যান্য চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। একদিকে কভিড নিয়ন্ত্রণ করতে হচ্ছে, অন্যদিকে নন-কভিড চিকিৎসাসেবা বৃদ্ধি করা নিয়েও কাজ চলছে। ইতিমধ্যে দেশের আট বিভাগে আটটি উন্নতমানের ক্যানসার হাসপাতাল নির্মাণকাজের কার্যক্রম শুরু করা হয়েছে।
অনুষ্ঠানে করোনা মোকাবিলায় সরকারের সফলতা তুলে ধরে চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান জাহিদ মালেক।
করোনা ভ্যাকসিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো দেশের ভ্যাকসিনের স্বীকৃতি দেয়নি। যখনই কোনো দেশ স্বীকৃতি পাবে আমরা সবার আগে সেটি বাংলাদেশে নিয়ে আসব। ভ্যাকসিন আনতে সরকার অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা অব্যাহত রেখেছে।’
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।