সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর কলোনি গ্রামে দুই বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ ইউসুফ আলী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি ইউসুফ আলীর আপন ভাগিনার মেয়ে।
স্থানীয় লোকজন ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ও তার ভাই ইউসুফ আলীর বাড়িতে খেলতে গিয়েছিল। ভাই চলে আসার পর ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে ইউসুফ। চিৎকার শুনে শিশুটির মা এগিয়ে গেলে তিনি ইউসুফ ও তার মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা ইউসুফকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়।
শিশুটির বাবা বলেন, ‘বিকেলে আমার ছেলে ও মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে মামা ইউসুফ মেয়েকে ঘরে আটকে খারাপ কাজ করে। মেয়ের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা খবর দিলে আমি গিয়ে দেখি মেয়ে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। তার গায়ে রক্ত ছিল।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হায়াতুন নবী জানান, দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগ ইউসুফ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিকে রাজশাহীর বাঘায় রিবন আহম্মেদ বাপ্পি (২৮) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী বাদী হয়ে বাঘা থানায় মামলা করেছেন। বাপ্পি উপজেলার আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাপ্পি ওই ছাত্রীকে (১৮) বিয়ের প্রলোভন দিয়ে গত জুলাই মাসের শেষ সপ্তাহে চকরপাড়া গ্রামে এক বন্ধুর বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এরপর থেকে ওই ছাত্রী বাপ্পিকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু বাপ্পি রাজি হননি। অভিযোগ অস্বীকার করে বাপ্পি বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। এ কারণে একটি মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত না।’
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা বাপ্পির নামে ধর্ষণের মামলা হয়েছে। শিগগিরই ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা এবং আসামিকে গ্রেপ্তার করা হবে।