ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে জাতীয় দলের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার এখন ফরিদপুরে অবস্থান করছেন।
আন্তর্জাতিক কিংবা বিভাগীয় স্টেডিয়াম ছাড়া যাদের পা পড়ে না, সেই তারকারা ফরিদপুর জেলা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে আসছেন এমন খবরে ফরিদপুরে ক্রিকেট প্রেমীদের মধ্যে আনন্দ উৎসব শুরু হয়েছে।
ম্যাচের আয়োজক ফরিদপুর ক্রিকেট একাডেমির আহ্বায়ক ও বাংলাদেশ দলের সাবেক তারকা পেসার তালহা জুবায়েরের বড় ভাই কে, এইচ নাজমুস সাকিব তন্ময় জানান, শনিবার সকালে শেখ জামাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচের উদ্বোধন করা হয়েছে।
তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ায়নি। আবহাওয়া অনুকূলে এলে খেলা শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ক্রীড়া সংগঠক মোসলেম উদ্দিন প্রমুখ ।
প্রীতি ক্রিকেট লড়াইয়ে ডমিনেটরস টিম ও ফরিদপুর ক্রিকেট একাডেমি মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ।
ডমিনেটরস টিমের হয়ে অংশগ্রহণ করবেন নাইম ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, সোহরাওয়ার্দী শুভ , ইলিয়াস সানী, আলাউদ্দিন বাবু ,তানভীর হায়দার ,সৈকত আলী, যুবায়ের হোসেন লিখন, মেহদী রানা, জসিম উদ্দিন, কাজী কামরুল ,সায়েম চৌধুরী, মোহিউদ্দিন মোহাম্মাদ ।
অন্যদিকে ফরিদপুর ক্রিকেট একাডেমির পক্ষে লড়বেন নির্জন , শিবলী , আরাফাত সানী, আসিফ, সিফাত, পার্থিব, উওম, রনী, সায়েম, সবুজ, রাজীন, আবিদ, রফিকুল, সুজন, মঞ্জুর।
ফরিদপুর ক্রিকেট একাডেমির আহ্বায়ক কে. এইচ নাজমুস সাকিব তন্ময় জানান, এই করোনার এই সময়ের বিষয়টিকে মাথায় রেখে সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনেই ম্যাচের আয়োজন করা হয়েছে।