পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দেশের ইলেকট্রনিক খাতের জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০১৯-২০ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এমন লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। তবে উদ্যোক্তা-পরিচালকরা পাবেন ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ। কোম্পানিটির মোট শেয়ারের ১ শতাংশের কম ফ্রি-ফ্লোট (লেনদেনযোগ্য) শেয়ার রয়েছে।
লভ্যাংশ ঘোষণা করলেও ২০১৮-১৯ হিসাব বছরের যে আয় দেখিয়ে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল সর্বশেষ হিসাব বছরে ব্যাপক হারে পতন হয়েছে। ২০১৮-১৯ হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখায় ৪৫ টাকা ৬৬ পয়সা। তবে কোম্পানিটির আয় ৪৭ শতাংশ কমে ২০১৯-২০ হিসাব বছরে ২৪ টাকা ১০ পয়সায় নেমেছে। এ সময় বেসিক ইপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ২১ পয়সা। কোম্পানি সূত্র জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে সর্বশেষ হিসাব বছরের চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশব্যাপী লকডাউন থাকায় দীর্ঘ সময় কোম্পানিটির পণ্য উৎপাদন ও বিক্রি বন্ধ থাকে। এ কারণেই সর্বশেষ প্রান্তিকে তেমন আয় না আসায় ইপিএস কমেছে।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ওয়ালটনের পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৪৮ পয়সা।
গতকাল পর্ষদ সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।