সাভারে ছুরি মেরে স্কুলের প্রশাসনিক কর্মকর্তাকে হত্যা

সাভারে মোস্তাফিজুর রহমান (৩০) নামে একজনকে ছুরি মেরে হত্যা করেছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার সকালে পৌর এলাকার সিআরপি সড়কের পাশ থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে মাস্টার্স পাস করেন। সাভারের ডগরমোড়া এলাকায় ভাড়া থেকে কমলাপুর এলাকার গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।

পুলিশ জানায়, সড়কের পাশে ওই যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে ‘৯৯৯’-এ ফোন করে জানান পথচারীরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। নিহতের বুকে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি মারা গেছেন।

গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জুবায়ের হাসান বলেন, মোস্তাফিজুর এক বছর ধরে এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তার মৃত্যুর বিষয়টি জেনে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, ওই স্থানে প্রায়ই ছিনতাই হয়। তাদের ধারণা দূরপাল্লার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন মোস্তাফিজুর। পরে তাকে ছুরি মেরে হত্যার পর সব কিছু কেড়ে নেয়।

সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, নিহতের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।