চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ কিশোর চাচাতো ভাইয়ের

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এক কিশোরের বিরুদ্ধে।

শনিবার ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

আসামি শিশির ফকির উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেব এলাকার ইদ্রিস ফকিরের ছেলে। সে স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর দুপুরে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পা‌শের একটি বাগানে নিয়ে যায় শিশির। পরে সেখানে তা‌কে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয় সে।

ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবার তা‌কে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘটনায় জড়িত শিশির শিশুটির চাচাতো ভাই হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

শনিবার বিকেলে বিষয়টি এলাকায় জানাজানি হলে রাতে শিশুটির বাবা বাদী হয়ে পুলিশের সহযোগিতায় ভেদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশিরের বিরুদ্ধে মামলা করেন।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম র‌শিদুল বা‌রি ব‌লেন, শিশু ধর্ষণের ঘটনার অভিযোগে মামলা হ‌য়ে‌ছে। রবিবার মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে। তা‌কে খুঁজ‌ছে পুলিশ।