চলতি হিসাব বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৪৬২ শতাংশ। আর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।
গতকাল স্টক এক্সচেঞ্জে প্রকাশিত আল আরাফাহ ইসলামী ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫০ পয়সা। যেখানে এর আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৮ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০১৯ হিসাব বছরে আল আরাফাহ ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ২৮ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ টাকা ৩০ পয়সা।