উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে ঢাকা-ঈশ্বরদী রেললাইনে সোমবার সকালে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে জাকির হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে। তিনি পাবনার হোশিয়ারি (গেঞ্জি) ব্যবসায়ী।

এ বিষয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে বিরতি না থাকায় দ্রুতগতিতে স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ব্যবসায়ী চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মের উল্টো দিকে লাফ দেয়। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতের মরদেহ সিরাজগঞ্জ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।