বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ৩৩ লাখ ২৮ হাজার ১৭৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৯ জনের। এরইমধ্যে সুস্থ হয়েছে তিন কোটি ১৯ লাখ ৬৩৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে ভাইরাসটির প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ বিশ্বজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনো দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ৮৯ হাজার ১৭৯ এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৩০ হাজার ৫১০ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৯ হাজার ৫০। মারা গেছে এক লাখ ১৯ হাজার ৩০ জনের। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৯৪ হাজার ১২৮। মারা গেছে এক লাখ ৫৭ হাজার ১৬৩ জন। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৮১০ এবং মৃত্যু হয়েছে চার হাজার ৬৩৪ জনের।