খুলনায় তিন কার্যদিবসে মাদক মামলায় রায়

মাত্র তিন কার্যদিবসের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া একটি মামলার রায় ঘোষণা করেছে খুলনার আদালত। গতকাল মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মো. আতিকুস সামাদ ওই রায় ঘোষণা করেন। দেশের বিচার ব্যবস্থাপনায় এত কম সময়ে এ ধরনের মামলায় রায় ঘোষণার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন আইনজীবীরা।

মাদক মামলার ওই রায়ে বিচারক একমাত্র আসামি মো. সম্রাটকে (২৬) এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। এর মধ্যে গাঁজা রাখার অপরাধে ছয় মাস ও ইয়াবা রাখার অপরাধে তাকে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় আসামি সম্রাট আদালতে উপস্থিত ছিলেন। তিনি খুলনা নগরীর খানজাহান আলী ব্রিজ (রূপসা ব্রিজ) এলাকার মোক্তার হোসেন সড়কের মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় বাজার মেইন রোডের কিউপিএস ফার্মেসির সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সম্রাটকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলা করেন। চলতি বছরের ১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। পরে গত ২১ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে মামলার কার্যক্রম শুরু হয়। এরপর গত ২২ অক্টোবর আদালতে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল মাত্র তিন কার্যদিবসে মামলাটির রায় ঘোষণা করা হলো।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাহারা ইরানী পিয়া রায় ঘোষণার পর সাংবাদিকদের বলেন, ‘খুলনার কোনো আদালতে মাত্র তিন কার্যদিবসে মামলার রায় এটাই প্রথম। তিন কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা যায়, এই মামলাটির মাধ্যমে তারই প্রমাণ হয়েছে।’

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম মামলা দ্রুত নিষ্পত্তি করার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘মাদক সমাজের জন্য একটি অভিশাপ। সমাজ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ সকল আদালতেরই গ্রহণ করা উচিত।’