ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় হবে : আইনমন্ত্রী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার গুলশানে মন্ত্রীর বাসভবনে হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, ‘আমরা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। প্রতিদিনই এ বন্ধুত্ব সুদৃঢ় হবে। এ বিশ্বাস এবং আস্থা নিয়েই আমাদের কথোপকথন। আমরা আরও যেটা নিয়ে আলাপ করেছি, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের আইনের অবকাঠামো প্রায় একই। সেজন্য এ দুই দেশের বিচারিক আদালত এবং উচ্চ আদালতের বিচারক ও বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে পরস্পর সহযোগিতা ও প্রশিক্ষণের জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো কীভাবে কাজ করবে তা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আলোচনা বন্ধুত্বপূর্ণ হয়েছে। আমরা মনে করি আজ থেকে এ আলোচনা আরও চালিয়ে যাব। আজ যেসব কথা বলেছি সেগুলো কাজে পরিণত করব।’

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বিচার পদ্ধতিতে আইনমন্ত্রীর ভূমিকা ও অগ্রগতি প্রশংসনীয়। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সর্বসাধারণের জন্য আমাদের সহযোগিতা থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বিচারিক পদ্ধতি প্রায় এক। এতে করে আমরা একে অন্য থেকে শিখতে এবং আরও কাজ করতে পারব। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য কোনো প্রতিবন্ধকতা নেই।’

এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘করোনার মধ্যেও বাংলাদেশের বিচার বিভাগ বিচারিক কাজে যে অগ্রণী ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়।’ এর আগে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক।