সরকারের প্রতিহিংসার আগুন কোনোভাবেই নিভছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর পুরান ঢাকার মালিটোলার ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’-এর নাম পরিবর্তনের ঘটনায় এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ, গৌরবোজ্জ্বল ও সাহসী ভূমিকা এবং পরবর্তীকালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ায় যুগান্তকারী নেতৃত্ব প্রদান করার স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে ঢাকার মালিটোলায় জিয়াউর রহমানের নামে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেছিলেন ঢাকার তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা। বর্তমান সরকার ওই বিদ্যালয়ের নাম পরিবর্তনের ন্যক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বর্তমান সরকারের প্রতিহিংসার আগুন যেন কোনোভাবেই নিভছে না। দেশের সঠিক ইতিহাস নিশ্চিহ্ন করার ঘৃণ্য পাঁয়তারা ও ষড়যন্ত্র অব্যাহত গতিতে চলমান রয়েছে। বিভিন্ন স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলাসহ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটনার মধ্য দিয়ে আওয়ামী সরকারের প্রতিহিংসাপরায়ণ চেহারা জনগণের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান এদেশের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন। আর এটিই আওয়ামী লীগের অন্তজর্¦ালার কারণ। তাই আওয়ামী লীগ সরকার একের পর এক বিভিন্ন স্থাপনা থেকে জিয়ার নাম মুছে দেওয়ার মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই পুরান ঢাকার মালিটোলায় অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। কিন্তু শত চেষ্টা করলেও বাংলাদেশের জনগণের হৃদয় থেকে জিয়ার নাম মুছে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। জিয়া তার অমর কৃতিত্বের জন্য মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন।’