জামালপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার উত্তর ধাতুয়াকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে হাবিবা আক্তার স্মৃতি (৩০) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী আক্তার হোসেনকে (৩৭) আটক করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুর রহিম জানান, পারিবারিক কলহের জের ধরে সাধুর পাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়া কান্দা গ্রামের আক্তার হোসেন তার স্ত্রী হাবিবা আক্তার স্মৃতিকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন।

মঙ্গলবার রাতেও আক্তার হোসেন তাকে শারীরিক নির্যাতন করে বাড়ির বাইরে চলে যান। বুধবার সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ হাবিবার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে ছোট ছোট একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আব্দুর রহিম আরও জানান, এ ঘটনায় নিহতের স্বামী আক্তার হোসেনকে আটক করা হয়েছে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। পরবর্তীতে ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।