পোলট্রি ডেইরি শিল্প সুরক্ষায় নীতিমালা হচ্ছে

পোলট্রি ও ডেইরি শিল্পের সুরক্ষায় সরকার নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এবং বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইমপোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (বাফিটা) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ কথা জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, নীতিমালার মাধ্যমে পোলট্রি ও ডেইরি শিল্পকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে বিদ্যমান বাধা অতিক্রমের জন্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হবে। করোনার কারণে দেশীয় অনেক শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় গ্রামীণ অর্থনীতি সচল, দারিদ্র্য দূর, উদ্যোক্তা তৈরি, পুষ্টি ও আমিষের চাহিদাপূরণসহ নানা বিষয়ে উন্নতির জন্য পোলট্রি ও ডেইরি শিল্পের উন্নয়নের কোনো বিকল্প নেই।

আহকাব ও বাফিটার প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, পোলট্রি ও গবাদিপশুর খাদ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে। যাতে সরকারের বাজার মনিটরিং করতে না হয়। পারস্পরিক স্বার্থে কাজ করতে হবে। পরে সভায় অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পোলট্রি ও গবাদিপশুর খাদ্যের বাজার স্থিতিশীল রাখতে কাজ করার আশ্বাস দেন।