ড্যাপ চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করে চূড়ান্ত করার জন্য মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ২৫ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রীকে। সদস্য হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, ভূমিমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, ভূমি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে কমিটিতে সহায়তাকারী কর্মকর্তা হিসেবে রাখা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জনপ্রতিনিধিদের পরামর্শ, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যম থেকে পাওয়া মতামত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মতামত পর্যালোচনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ড্যাপ চূড়ান্ত করতে হবে। কমিটি প্রয়োজনে সদস্য কোঅপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

১৯৯২ সালে সরকারের নেওয়া মহাপরিকল্পনা অনুযায়ী, ১৯৯৫ সালে ঢাকা মহানগরী উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ড্যাপ প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। ২০১০ সালের ২২ জুলাই গেজেট আকারে ড্যাপ প্রকাশ করা হয়।