শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত মঙ্গলবার ইউজিসির ভার্চুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যেসব শিক্ষার্থী ফাইনাল সেমিস্টারে রয়েছেন শুধু তারাই এ সুযোগ পাবেন।
সিদ্ধান্ত অনুযায়ী, সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী ল্যাব ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন। ক্ষেত্রে ক্লাস ও পরীক্ষার সময় দুজন শিক্ষার্থীর মাঝে অন্তত ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
বৈঠকে অংশগ্রহণকারী এক সদস্য জানান, বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না। শুধু এসব শিক্ষার্থীর কথা বিবেচনায় রেখে তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী তাদের ফাইনাল সেমিস্টারে রয়েছেন তারা ব্যক্তিগতভাবে প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।