ইসিকে বিএনপি

যেখানেই প্রচারে যাচ্ছি সেখানেই আ.লীগের বাধা

আসন্ন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুস সালাম। তিনি বলেন, ‘আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে যেখানেই আমরা প্রচার চালাতে যাচ্ছি, সেখানেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের বাধা দিচ্ছে। অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থীকে বাসা থেকেই বের হতে দেওয়া হচ্ছে না।’ গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব অভিযোগ করেন তিনি।

আবদুস সালাম বলেন, ‘অনেকে বলেন আমরা কেন নির্বাচনে আসি। কারণ হচ্ছে ভোট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। ভোটাররাই রাষ্ট্রের মালিক। এ সরকার জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। আমরা চাই জনগণ তার ভোটাধিকার ফিরে পাক। এ জন্যই আমরা বারবার নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জ-১ আসনের আমাদের প্রার্থীকে ঘর থেকে বের হতে দিচ্ছে না আওয়ামী লীগের কর্মীরা। তারা কোনো প্রচার-প্রচারণায় অংশ নিতে পারছেন না। শুধু তাই নয়, আমরা বৈঠক করার সময় ঢাকা-১৮ আসনের প্রার্থী এসএম জাহাঙ্গীরের স্ত্রীর খিলক্ষেতের একটি এলাকায় প্রচারে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সঙ্গে অসদাচরণ করেছে। আওয়ামী লীগ চায় না ভোটাররা ভোটকেন্দ্রে আসুক।’

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘বিএনপির প্রতিনিধি দল তিনটি অভিযোগ করেছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে স্থানীয় পুলিশের অসহযোগিতা, প্রচারে বাধা এবং আওয়ামী লীগের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন। আমরা তাদের অভিযোগগুলো শুনেছি। এ বিষয়ে ইসি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বিকেল ৩টায় বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম। আবদুস সালাম ছাড়াও বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর ও বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

গায়ে পড়ে ঝামেলা করার চেষ্টা করছে আ. লীগ : জাহাঙ্গীর :  ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর বলেছেন, ‘গত মঙ্গলবার আমার বাসার সামনে এসে অনেকক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে। সেখানে আমাদের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিল। আসলে আওয়ামী লীগ গায়ে পড়ে ঝামেলা করতে যাচ্ছে। আওয়ামী লীগ ঝামেলা করলেও আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না।’ গতকাল সকালে রাজধানীর উত্তরায় নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর বলেন, ‘আমাদের সঙ্গে ঢাকা-১৮ আসনের ভোটাররা আছেন। তারা আগামী ১২ নভেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। দেখবেন, যেখানেই ধানের শীষের গণসংযোগের ন্যূনতম সুযোগ হচ্ছে, সেখানেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ কারণেই আওয়ামী লীগ ভীত হয়ে এসব হামলা করছে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আছেন। নেতাকর্মীরা জানপ্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন। শেষ পর্যন্ত নেতাকর্মীরা মাঠে থাকবে, ভোটাররা যাতে নিজের ভোট স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে দিতে পারে সেই সুযোগ করে দেবে। আমরা বিশ্বাস করি, বিএনপি সরকার এই এলাকায় বিগত সময়ে যে উন্নয়ন করেছে তার জন্যই ধানের শীষে তারা ভোট দেবেন।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক দলের উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিয়াজ প্রমুখ।