৭ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় সাত বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। গত বুধবার রাত ১১টার দিকে অভিযুক্ত দাদা মোনতাজ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মোনতাজ সদর উপজেলার নওদাগাঁ হরিশপুর গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এছাড়াও নেত্রকোনায় সৎমেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর হাতিয়ায় ঘরে ঢুকে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

চুয়াডাঙ্গার ঘটনায় পুলিশ জানায়, নওদাগাঁ হরিশপুর গ্রামের ওই শিশুর বাবা ঢাকায় থাকেন। গত ২০ অক্টোবর মেয়েকে রেখে বাবার বাড়ি পার্শ্ববর্তী উজলপুর গ্রামে যান শিশুর মা। ওই রাতে নাতনিকে একা পেয়ে দাদা মোনতাজ ধর্ষণ করে। বাড়িতে এলে মাকে বিষয়টি জানায় ওই শিশু। বুধবার রাতে শ্বশুরের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেন তিনি। ওই  রাতেই স্থানীয় বেগমপুর ফাঁড়ি পুলিশ মোনতাজকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোনতাজ ঘটনার কথা স্বীকার করেছে জানিয়ে দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনা : নেত্রকোনায় সৎমেয়েকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে রাসেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে রাসেলকে আদালতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলায় মিতরা গ্রামের আরশেদ আলীর ছেলে রাসেল ভিকটিমের মাকে বিয়ে করে নেত্রকোনা শহরে থাকে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভিকটিমের বয়স চার বছর থাকাকালে তার মাকে বিয়ে করে রাসেল। পরে এ দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। গত বুধবার রাতে মা ঘরে না থাকায় রাসেল সৎমেয়েকে ধর্ষণচেষ্টা করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে রাসেলকে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। এ ঘটনায় ওই রাতে ভিকটিমের মা থানায় অভিযোগ করেন।

নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় ঘরে ঢুকে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী তরুণী হাতিয়া থানায় মামলাটি করেন। জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টায় উপজেলার পূর্ব গামছাখালী গ্রামের ওই তরুণীর বাড়িতে স্থানীয় যুবক প্রেমলাল দাস (৩০) ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর বাবা বাধা দিলে তাকে মারধর করে সে। অভিযুক্ত প্রেমলাল ওই গ্রামের শংকর দাসের ছেলে। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, ভুক্তভোগী তরুণী মামলা করেছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।