করোনা পরিস্থিতিতে অনেক দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার থেকে বাণিজ্যিকভাবে চালু হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের প্রণীত স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সকল নির্দেশনা মেনে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে গতকাল বাণিজ্যিকভাবে আবারও যাত্রা শুরু করে ‘আইসিসিবি’। অনুষ্ঠানে আগত অতিথি এবং নিজস্ব কর্মীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর প্রক্রিয়া অনুসরণ করা হয়।
‘আইসিসিবি থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির কর্মীদের কভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা ও সোশ্যাল ডিসটেন্সসংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে এই বিয়ের অনুষ্ঠানটি করা হয়। এর আগে অক্টোবর মাসের মাঝামাঝি হতে কয়েকটি পরীক্ষামূলক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা হয়।
আইসিসিবি কর্র্তৃপক্ষ মনে করে, অন্যান্য বাণিজ্যিক ও সেবা প্রতিষ্ঠানের মতো দেশের বৃহত্তম এ কনভেনশন সেন্টারের হলগুলো সুপরিসর হওয়ায় এই ভেন্যুতে সামাজিক দূরত্ব বজায় রেখে যেকোনো ধরনের প্রাতিষ্ঠানিক, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজন সফলভাবে করা সম্ভব।
আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসিম উদ্দিন বলেন, গত মার্চ থেকে করোনা লকডাউন শুরু হলে আমাদের হলও বন্ধ রাখা হয়। অক্টোবর মাসের মাঝামাঝি হতে কয়েকটি পরীক্ষামূলক অনুষ্ঠান করা হয়েছে এবং আমাদের কর্মীদের কভিড়-১৯ স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা ও সোশ্যাল ডিসটেন্স সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কনভেনশন সেন্টারের হলগুলো সুপরিসর হওয়ায় আমরা আশা করি, স্বাস্থ্যবিধি মেনে এখানে যেকোনো ধরনের প্রাতিষ্ঠানিক, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজন সফলভাবে করা সম্ভব হবে।