কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের কাছুম আলী (৭০) হত্যা মামলায় রেখা আক্তার (৩৫) ও হামিদা বেগম (৫৫) নামে দুই গৃহবধূকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
গতকাল রবিবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার অন্য আসামি যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত রেখা আক্তারের অপ্রাপ্তবয়স্ক মেয়ে বৃষ্টি আক্তারের (১৪) বিচারকাজ কিশোরগঞ্জের শিশু অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৪ মার্চ মধ্য গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে কাছুম আলীর মেয়ে কমলা বেগমকে আসামিরা মারধর করে। এ সময় কাছুম আলী মেয়েকে রক্ষায় এগিয়ে গেলে আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই হোসেনপুর থানায় কমলা বেগম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।