ডেলিভারি বয়কে গ্রেপ্তার করে খাবার পৌঁছে দিল পুলিশ

নেশা করে গাড়ি চালাচ্ছিল ফুড ডেলিভারি বয়। সেটা নজরে আসতেই গাড়ি থামিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়। এরপর সেই গাড়িতে থাকা প্যাকেট করা খাবার ক্রেতার বাড়িতে পৌঁছে দিয়ে আসে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, বিরল এ ঘটনাটি সম্প্রতি ঘটেছে যুক্তরাজ্যের বার্কশায়ারে। তবে ব্রিটিশ পুলিশের এমন উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। 

সংবাদমাধ্যমটি বলছে, পুলিশ বার্কশায়ারের ওই ক্রেতার বাড়িতে খাবার পৌঁছাতে গেলে তিনি প্রথমে অবাক বনে যান। দরজা খুলে পুলিশকে দেখে চমকে যান তিনি। পরে বুঝতে পারেন, অনলাইনে অর্ডার করা কাবাবই পৌঁছে দিতে এসেছে পুলিশ। তাদের কাছেই শোনেন ডেলিভারি বয়ের গ্রেপ্তার হওয়ার খবর।

শুধু নেশা করে গাড়ি চালানোই নয়, ওই ডেলিভারি বয়ের কাছে গাড়ি চালানোর সঠিক কাগজপত্রও ছিল না বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় সেটি দাঁড় করায় পুলিশ। চালক তথা ফুড ডেলিভারি বয়ের কাছে লাইসেন্স ও বিমার কাগজ দেখতে চাওয়া হয়। পুলিশের দাবি, সব নথিই ছিল জাল। এরপরই গাড়িটি জব্দ করে ডেলিভারি বয়কে গ্রেপ্তার করা হয়। তখনই নজরে আসে গাড়ির মধ্যে রয়েছে খাবারের প্যাকেট। ডেলিভারি বয় গ্রেপ্তার হয়ে গেলেও ওই খাবারের ক্রেতা যাতে বঞ্চিত না হন তার জন্য প্যাকেটটি  পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তব্যরত পুলিশ। পরে পুলিশের পক্ষে সোশ্যাল মিডিয়ায় সে কথা জানানো হয়েছে। পুলিশের এমন দায়িত্ব পালনের নজির দেখে অনেকে প্রশংসা করেছেন।