রোবটিক্স নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৭৪টি দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের একটি দল।
বিবিসি জানায়, ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি চ্যারিটি সংস্থা প্রতি বছর স্কুল পর্যায়ের প্রতিযোগীদের জন্য এই রোবটিক্স প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
করোনা মহামারির জন্য এবার এর পুরো আয়োজন হয়েছে ভার্চ্যুয়ালি। তাতে এ বছরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগী টিম।
তিনমাস ব্যাপী এই প্রতিযোগিতার একেবারে শুরুর দিকেই সবাইকে তাক লাগিয়ে ১৭৪টি দেশের মধ্যে শীর্ষে উঠে আসে টিম বাংলাদেশ।
শেষদিকে পয়েন্ট টেবিলে চিলির সঙ্গে বাংলাদেশের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে শেষদিন নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হয় বাংলাদেশের নাম।
প্রতিযোগিতাটিতে নানা ধরনের প্রকৌশলবিদ্যায় অনেক টেকনিক্যাল চ্যালেঞ্জের পাশাপাশি অনেক সৃষ্টিশীলতার পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হয়।
এই রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই ঢাকার বিভিন্ন স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, যাদের সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।
বিজয়ী দলের সদস্যরা হলো আবরার জাওয়াদ, রাজিন আলী, সুজয় মাহমুদ, মাহি জারিফ, শাহরিয়ার সীমান্ত, জাহরা চৌধুরী, আয়মান রহমান, আরিবা নাওয়ার আনোয়ার, বিয়াঙ্কা হাসান ও ফাইরুজ হাফিজ ফারিন।
রাজধানীর দ্য টেক একাডেমি নামে একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে তারা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিষ্ঠানটিতে রোবোটিক্স ও প্রোগ্রামিং শেখে এসব শিক্ষার্থী।
এ নিয়ে টানা চতুর্থবার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ। গত বছর এই একই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭ম স্থান অধিকার করেছিল।
তএই প্রতিযোগিতাকে অনেকে রোবটিক্সের অলিম্পিক্স বলে বর্ণনা করেন, কারণ বিশ্বের প্রায় সবগুলো দেশই এতে অংশ নেয়। আর ফরম্যাটটাও অনেকটা অলিম্পিক্সের মতোই।