নাটোরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

নাটোর সদর হাসপাতালে এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছে পরিবারটি।

নিহত শিশু আরিফুল (১০) নাটোর সদর উপজেলার চক তেবাড়িয়া গ্রামের কৃষক খোদাবক্সের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে বাঁশি বাজানোর সময় শিশু আরিফুলের গলায় আটকে যায়। পরিবারের লোকজন প্রথমে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে নাটোর সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী মোহম্মদ আলী রাসেল জরুরি বিভাগেই শিশুটির গলা থেকে বাঁশিটি বের করার চেষ্টা করেন।

এক সময় এতে রক্তক্ষরণ শুরু হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে তাড়াহুড়া করে রাজশাহী পাঠানোর প্রস্তুতি নেয়ার সময় তার মৃত্যু হয়।

মৃত্যুর সংবাদ স্বজনদের মধ্যে জানাজানি হলে চিকিৎসক আত্মগোপনের চেষ্টা করেন। ফলে ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়।

আরিফুলের বাবা খোদাবক্স অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসার মাধ্যমে তার একমাত্র শিশু পুত্রকে মেরে ফেলা হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে হাসপাতালের মধ্যে বিলাপ করছেন বাবা ও মা আছমা বেগম।

নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. মুনজুর রহমান জানান, এ ধরনের ঝুঁকি নেয়া ঠিক হয়নি।

নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনছারুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে নিহতের পরিবার।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।