টুইটারে বাইডেনের ভুয়া ভিডিও, শনাক্তের আগেই ভিউ ১১ লাখ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের একটি ভুয়া ভিডিও টুইটারে ভাইরাল হয়ে পড়ে। বিভ্রান্তিকর কন্টেন্ট প্রমাণিত হওয়ার আগেই ১১ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। 

সিএনএন জানায়, সম্পাদনার মাধ্যমে বদলে দেওয়া হয়েছিল বাইডেনের একটি ভিডিও। সেটি অন্তত ১১ লাখ বার দেখা হলেও পরে বিভ্রান্তিকর কনটেন্ট প্রমাণিত হওয়ায় তাতে লেবেলে জুড়ে দেয় টুইটার।

কোন অঙ্গরাজ্যে প্রচারণা চালাচ্ছেন, তা ভুলে গেছেন বাইডেন-ভিডিওটির মাধ্যমে এটি প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল।

কৌশলে ভিডিওর ভেতরে থাকা চিহ্ন ও অঞ্চলের নামগুলো বদলে দেওয়া হয়েছিল। তবে ভাইরাল হওয়া ভিডিওটি এখন আর টুইটারে নেই। 

ভুয়া ভিডিওটিতে দেখা যায়, ফ্লোরিডায় জনসমাবেশ করতে গিয়েছেন বাইডেন। কিন্তু আরেক অঙ্গরাজ্য  মিনেসোটার নাম জনসাধারণকে অভিবাদন জানিয়ে বসেছেন তিনি।

ভিডিওটি মূলত মিনেসোটারই, তবে কৌশলে অঙ্গরাজ্যটির নাম মুছে ফ্লোরিডার নাম বসিয়ে দেওয়া হয় সম্পাদনা করে। 

এদিকে সিএনএন জানাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল ও তার সমর্থকরা ক্রমাগত এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও পোস্ট করে যাচ্ছে। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে, বাইডেন আসলে অফিসের জন্য মানসিকভাবে উপযুক্ত নন।     

এ ধরণের ভিডিও ট্রাম্প সমর্থকদের উপরে প্রভাব ফেলছে বলেও জানা যাচ্ছে। বাইডেন যে আসলেই এমন ভুলোমনা-সেটি তাদের অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন।