ট্রাস্ট মানি মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন সেনাপ্রধান

ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল) ‘ট্রাস্ট মানি মোবাইল অ্যাপ, ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড এবং ফেইসবুক পেজ’ চালু করেছে। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সুবিধাগুলো উদ্বোধন করেন। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর আরও জানায়, ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে গ্রাহক যেকোনো সময় ও জায়গায় ব্যাংকিং লেনদেন করতে পারবেন। ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডের গ্রাহকরা সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুসারে সর্বোচ্চ ক্রেডিট সীমা গ্রহণ করবেন এবং বিশ্বব্যাপী ভিআইপি লাউঞ্জ ব্যবহার সুবিধাসহ আরও অনেক সুবিধাভোগ করতে পারবেন। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।