কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে স্বাভাবিক হচ্ছে ফেরি চলাচল

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ফেরি চলাচল। রুটটিতে ডাম্ব ফেরিসহ ৯টি ফেরি চালু হয়েছে।

গত দুদিন ধরেই ৪টি ডাম্ব ও ৫টি কেটাইপ ফেরি চলছে। মঙ্গলবার সকাল থেকে এ রুটে ডাম্প ফেরিসহ ৯টি ফেরি চলাচল করছে।

ফেরিগুলো জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর ৩৮ ও ৩৯নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে চলাচল করছে। এতে পারাপারে আগের চেয়ে প্রায় আধা ঘণ্টা সময় বেশি ব্যয় হচ্ছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, নাব্য সংকটে দীর্ঘ দিন ধরেই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

দীর্ঘ ২২ দিন কখনো বন্ধ আবার সীমিত আকারে চলাচল থাকার পর গত শনিবার সকাল থেকে জাজিরা পয়েন্টের পদ্মা সেতুর ৩৮ ও ৩৯নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে পরীক্ষামূলকভাবে কেটাইপ ফেরি কুমিল্লা, ফরিদপুর, কাকলী, কর্ণফুলীসহ ৫টি ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

সোমবার থেকে ৪টি ডাম্ব ফেরি চলাচলও শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে ফেরি ক্যামেলিয়াও চলাচল করছে। তবে ফেরিগুলো ধারণ ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে নতুন চ্যানেল দিয়ে চলাচল করায় আগের চেয়ে প্রায় আধা ঘণ্টা সময় বেশি লাগছে।

২২ দিন পর দিনের বেলা সীমিত আকারে ফেরি চলাচল করলেও সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখা হতো। তবে রবিবার সন্ধ্যার পর থেকে ২/৩টি ফেরি চালু রেখেছে কর্তৃপক্ষ।

তবে সন্ধ্যার পর চলাচলকারী ফেরিগুলো অধিক সতর্কতা অবলম্বন করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে নাব্য সংকটের কারণে এ রুটে চলাচলকারী লঞ্চ ও স্পিডবোটগুলোও প্রায়ই ডুবোচরে আটকে যাচ্ছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সহকারী ম্যানেজার জামিল হোসেন বলেন, রবিবার ও সোমবার রাতভর ২/৩টি কেটাইপ ফেরি সতর্কতার সঙ্গে চলাচল করেছে। মঙ্গলবার সকাল থেকে চারটি ডাম্ব ফেরিসহ ৯টি ফেরি চলাচল করছে।