বাংলাবান্ধায় নতুন নিয়ম নিয়ে ব্যবসায়ীরা

ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা কার্যক্রম

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানিতে নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এতে স্থলবন্দরটির ব্যবসা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, বলছেন ব্যবসায়ীদের একাংশ।

বন্দর সূত্রে জানা গেছে, গত রবিবার বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য পারাপারে নতুন নিয়মানুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভারতের গাড়ি, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত নেপাল ও ভুটানের গাড়ি বাংলাদেশে প্রবেশ করেছে।

এ বিষয়ে কয়েকজন ব্যবসায়ী জানান, পণ্যবাহী গাড়ি পারাপারে ভারতের ফুলবাড়ী স্থলবন্দরে দীর্ঘদিনের অসন্তোষ চলে আসছিল। তাই এ সমস্যা সমাধানে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে পণ্যবাহী গাড়ি পাঠাতে নিয়েছে নতুন সিদ্ধান্ত। ভারতের এমন এক তরফা সিদ্ধান্তে বাংলাদেশের ব্যবসায়ীদের একাংশের মাঝে তৈরি হয়েছে অসন্তোষ।

ব্যবসায়ীরা আরও জানান, ভুটান ও নেপালের গাড়ি দুপুরের পরে বাংলাদেশে এলে সন্ধ্যায় শ্রমিক সংকটে পড়বে। পণ্য খালাস করতে না পারলে ওই গাড়িগুলোকে বন্দরে অবস্থান করলে প্রতি ট্রাকে ১৪০ টাকা হারে হোল্ডিং চার্জ দিতে হবে। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, নতুন এই নিয়ম চালু হওয়ায় বাংলাদেশি আমদানি-রপ্তানিকারকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে অ্যাসোসিয়েশনের সভায় আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।