প্রতারণার মামলায় এমপি স্বপনসহ দুই আসামি খালাস

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সংক্রান্ত প্রতারণার অভিযোগে করা মামলায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ দুই আসামিকে অব্যাহতি দিয়েছে আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাদপুর চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু খান শাহীন কনক এ রায় দেন। মামলার অপর আসামি হলেন শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার আব্দুর রশিদ।

মামলায় আসামিপক্ষের আইনজীবী আবদুল হাই এ তথ্য নিশ্চিত করে বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সংক্রান্ত প্রতারণার যে অভিযোগ আনা হয়েছে সাক্ষ্যপ্রমাণে তা প্রমাণ না হওয়ায় বিজ্ঞ বিচারক দুজন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

প্রসঙ্গত, শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় মহল্লার একটি সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের জন্য ওকালতনামা ও আম-মোক্তারনামায় জাল স্বাক্ষর করার অভিযোগ এনে ২০১৮ সালের ২৫ জুলাই সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক শাহজাদপুর সিনিয়র সহকারী জজ তোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।