ভার্চুয়াল সভায় ফখরুল

মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে সরকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে। গতকাল মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা জননেতা সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’ আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘যখন আমরা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে বাস করছি, যখন এ সরকার একটা দানবের মতো আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করে দিচ্ছে, গণতন্ত্রের যে সংগ্রাম তাকে ধ্বংস করে দিচ্ছে, তখন খোকাকে আমাদের প্রয়োজন ছিল দলের চেয়ারপারসনকে মুক্ত করার জন্য, দেশকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য।’

খোকার জীবনকর্ম তুলে ধরে তিনি বলেন, ‘খোকা আজীবন এক সংগ্রামী মানুষ। তার এ হঠাৎ করে চলে যাওয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে অনেকখানি ব্যাহত করবে এ কথা আমার বলতে কোনো সন্দেহ নেই। তার সাহস, তার ধৈর্য, তার দেশপ্রেম আমাদের প্রয়োজন ছিল আজকে।’

করোনার বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অনেক নেতা, অনেক কর্মী কিন্তু এখন অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্যদের থেকে শুরু করে জেলা নেতারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছেন, কভিডে আক্রান্ত হচ্ছেন। সেজন্য সবাই পারতপক্ষে সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদ থাকবেন এ দোয়া আল্লাহর কাছে সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।’

স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খোকা সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের অত্যন্ত কষ্ট লাগে যে, মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে যারা মুক্তিযুদ্ধে ফেরিওয়ালা বলে দাবি করে, আজকে সরকারের সব জায়গায় যারা রয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার হত্যা করছেন।’

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব গেরিলা মুক্তিযোদ্ধা খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘আজকে অনেকে মুক্তিযুদ্ধের কথা বলেন, তারা মুক্তিযুদ্ধ করেও নাই, দেখেনও নাই। আমাদের মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধ না হলে কনভেনশন ওয়ারে পাশের দেশের সীমানার মধ্য থেকে যুদ্ধ করলেও বাংলাদেশ স্বাধীন হতো না। দিস ইজ রিয়ালিটি।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।