আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খুনিরা জানত জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর আদর্শ ও রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। তাই এই মহান চার নেতাকে হুমকি মনে করেই তাদের নির্মমভাবে হত্যা করে।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু এবং জাতীয় নেতাদের আদর্শকে ধারণ করে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, তবে হয়তো কিছুটা কলঙ্ক মোচন করতে পারব।’
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন, অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।
উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘দেশের এই মহান ও বীর সন্তানদের অবদান তরুণ সমাজের পাথেয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগকে বুকে ধারণ করেই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।’