আশুলিয়ায় বাসের ধাক্কায় ছাত্রের মৃত্যু

সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় নাকিব (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকালে বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাকিব চিত্রশাইল এলাকার ইমান উদ্দিনের ছেলে। আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি।

আশুলিয়া থানার এসআই ইউনুস জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল এলাকায় নবীনগরগামী ইতিহাস পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাকিবের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।

সাভার হাইওয়ে থানার এসআই মারফত আলী জানান, বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।