যশোরে আগুনে দগ্ধ হয়ে পুতুল দাস (১৬) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ নিহত ও তার স্বামী প্রদীপ দাস আহত হয়েছেন। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাত ১টার দিকে ঝিকরগাছা উপজেলার রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
এদিকে নিহত গৃহবধূর পরিবার ও প্রতিবেশীরা স্বামী প্রদীপের বিরুদ্ধে পুড়িয়ে হত্যার অভিযোগ তোলায় পুলিশ তাকে আটক দেখিয়েছে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুতুল দাসের মা পুষ্প রানী দাস বলেন, রাতে মেয়ে ও মেয়ে জামাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে তাদের চিৎকার শুনে বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ¦লছে। এ সময় প্রতিবেশীরা দরজা ভেঙে তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। ঝগড়ার কারণে প্রদীপ তার মেয়ের গায়ে আগুন লাগিয়ে দিতে পারে বলে অভিযোগ পুষ্প রানীর।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস চৌধুরী জানান, রাত ৩টার দিকে দগ্ধ দম্পতিকে হাসপাতালে আনা হয়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়। পুতুলের কাকা সঞ্জয় কুমার জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জে পৌঁছলে পুতুল মারা যায়।