রাজধানীর পৃথক স্থানে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে বাড্ডায় সৎবাবার বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার আতোয়ার (৪৫) নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কামরাঙ্গীরচরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৬০) নামে স্থানীয় এক ব্যক্তিকে একই দিনে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার এসআই মো. ফেরদৌস আলম জানান, আতোয়ার ভুক্তভোগী শিশুর সৎবাবা। পেশায় সে একজন অটোরিকশা গ্যারেজের সহকারী মিস্ত্রি। বাড্ডা হাজী হামিদ রোডের একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকত শিশুটি। প্রতিবেশী ও স্বজনরা জানান, মঙ্গলবার রাতে আতোয়ার শিশুকে ধর্ষণ করে। গতকাল সকালে কান্নাকাটি শুরু করলে শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পারে আশপাশের ভাড়াটিয়ারা। তারপর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায় তারা। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেন। এরপর আতোয়ারকে গ্রেপ্তার করা হয়।
কামরাঙ্গীরচর থানার এসআই সোনিয়া পারভীন জানান, গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কৌশলে শিশুকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ও পূর্বপরিচিত বৃদ্ধ আবুল কালাম। বাড়ি ফিরে তার স্বজন ও প্রতিবেশীদের ঘটনাটি খুলে বলে শিশুটি। এরপর পরিবারের সদস্যরা কালামকে আসামি করে মামলা করেন। পরে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে পটুয়াখালীর দুমকিতে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার পাংগাশিয়া এলাকার ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে শুভাষ চন্দ্র শীল (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার খবর পাওয়া গেছে। দক্ষিণ কদমতলী (নয়াপাড়া) এলাকার ওই ঘটনায় মঙ্গলবার রাতে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
পটুয়াখালীর ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা জানান, গত ২৫ অক্টোবর রাতে কিশোরীকে বাড়িতে একা রেখে দুর্গাপূজা দেখতে যান পরিবারের সবাই। এ সুযোগে বাড়িতে প্রবেশ করে কিশোরীকে ধর্ষণ করে বৃদ্ধ শুভাষ। বাড়ি ফিরে বিষয়টি জানতে পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হন তারা। কিন্তু বিচারের নামে সময়ক্ষেপণ হওয়ায় গত মঙ্গলবার রাতে সুভাষকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। এরপর ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ঘটনায় স্থানীয়রা জানান, শিশুর বাবা-মা দুজনই গার্মেন্টকর্মী। দক্ষিণপাড়া এলাকায় বোনের বাড়িতে বসবাস করেন তারা। সোমবার শিশুকে ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায় আমিনুল। এরপর শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে আমিনুলকে আটকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।