স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছেন ৪১ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

স্মার্টফোন কিনতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। করোনা মহামারীর কারণে উদ্ভূত পরিস্থিতিতে পাবলিক বিশ^বিদ্যালয়গুলোর অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতেই আর্থিকভাবে অসচ্ছল এসব শিক্ষার্থীকে স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীর প্রত্যেকে সর্বোচ্চ ৮ হাজার টাকা ঋণ পাবেন। গতকাল অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ^বিদ্যালয়ের উপাচার্য কর্র্তৃক গঠিত সফটলোন অনুমোদন কমিটির সুপারিশের আলোকে অনধিক আট হাজার টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ জানুয়ারির মধ্যে বরাদ্দ দেওয়া হবে। শিক্ষার্থীকে শুধু আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর ৪টি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম যুক্ত ছিলেন। সভায় কার্যপত্র উপস্থাপন করেন কমিশনের অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, এই উদ্যোগের মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীরা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষায় আরও বেশি মনোযোগী হবে। তারা শিক্ষাজীবনের ক্ষতিও পুষিয়ে নিতে পারবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর মধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে ৯ আগস্ট দেশের পাবলিক বিশ^বিদ্যালয়গুলোতে স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর তালিকা চেয়ে উপাচার্যদের কাছে চিঠি দেয় ইউজিসি। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলো যাচাই-বাছাই করে মোট ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীর তালিকা কমিশনে পাঠায়। তালিকায় আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ৫৫৬ (১৯ দশমিক ৮৯ শতাংশ) এবং সর্বনিম্ন সংখ্যা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৮৬০ (৩ দশমিক ৩৬ শতাংশ)।

তবে জাতীয় বিশ^বিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঋণ সুবিধার বাইরে রয়েছেন।